
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও দু্ই ছেলে আহত হয়েছেন। রবিবার(২৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লিয়াকত আলী শেখ(৭০),তাঁর ছেলে আব্দুল কাদের জাপান(৪৮) ও রমিজ উদ্দিন(২২)।
গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছে। অপর দুইজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,লিয়াকত আলী শেখের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গোষ্ঠীর জোয়াদূর রহমানের। এরই জের ধরে আজ(রবিবার) সকালে জোয়াদর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন ও আবু জাফর দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁরা লিয়াকত শেখকে কুপিয়ে জখম করে। হামলায় গুরুত্বর আহত হয় লিয়াকত শেখের দুই ছেলে আব্দুল কাদের ও রমিজ উদ্দিন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন বলেন,,পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।