রাজু আহমেদ ক্রাইম রিপোর্টার :
কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার জুড়ে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান।
বর্তমানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া’র উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস ক্যানালপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ সুজন (৩০), পিতা: মৃত মকছেদ মোল্লা, সাং- চৌড়হাঁস ক্যানালপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া।
২। মোঃ সৌমেন (৩৫), পিতা: মৃত মকছেদ মোল্লা, সাং- চৌড়হাঁস ক্যানালপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া।
রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আসামিদের নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং তথ্যভিত্তিক কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে উপ-পরিদর্শক আসিফুজ্জামান এর তৎপরতা ও দক্ষ প্রসিকিউশনের মাধ্যমে মোবাইল কোর্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। মাঠপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুরো টিমের সমন্বিত প্রচেষ্টা মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ জাকিউল আলম এবং জনাব মেহেদী হাসান রিফাত। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উপ-পরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক নির্মূলে এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।